ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ডিটওয়াহ উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে সকাল ৬টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিল নাড়ু–অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে; রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরপূর্বাঞ্চলে ভোরে হালকা কুয়াশা পড়তে পারে; সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবারের পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবারের পূর্বাভাসে একইভাবে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, ভোরে উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা হতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবারের পূর্বাভাসেও একই আবহাওয়ার প্রবণতা বজায় থাকবে এবং রাত–দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে দেশের আবহাওয়ায় তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।