ঢাকার সচিবালয়ের নতুন ভবন (১ নম্বর ভবন) এ হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা আড়াইটার দিকে ভবনের ১০ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কয়েক মুহূর্তের মধ্যেই ভবনজুড়ে বারবার বাজতে থাকে ফায়ার হুইসেল। মুহূর্তেই ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়, তৈরি হয় আতঙ্কের পরিবেশ।
ভবনের এক কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, “হঠাৎ ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই দেখি ১০ তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। বিষয়টি বুঝে আমরা দ্রুত নিচে নেমে আসি।”
আরেক কর্মচারী জানান, “প্রথমে মনে হয়েছিল সিগারেটের ধোঁয়া হবে। পরে দেখি বড় আকারে ধোঁয়া উঠছে। তখন সবাই দ্রুত ভবন ছেড়ে বের হয়ে যায়। এখনো ঠিক কী কারণে আগুন লেগেছে, কেউ নিশ্চিত নয়।”
ঘটনার পর ১ নম্বর ভবনের সব কর্মকর্তা-কর্মচারী মাঠে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। এ ভবনেই জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ অবস্থিত থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।