তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে পরীক্ষা যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (৩০ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা এক আদেশে বিষয়টি জানানো হয়। চিঠিটি দেশের সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিপিই চিঠিতে আরও সতর্ক করে জানায়—
পরীক্ষা গ্রহণে শৈথিল্য, অবহেলা বা কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে ২৪ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে প্রধান দাবি হলো সমতা ভিত্তিক টাইম স্কেল বাস্তবায়ন, প্রণোদনা ভাতা এবং পদোন্নতি কাঠামো পুনর্বিন্যাস।