খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে রোববার দুপুর সোয়া ১২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাজন ও হাসিব জামিনে ছিলেন। তারা আদালতে হাজিরা দেওয়ার পর ফটকের বাইরে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর দুজনকে চাপাতি দিয়ে আঘাত করা হয়। পরে আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, তদন্ত শুরু করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও হত্যার কারণ জানার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।