ঠাকুরগাঁও: মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার বিচার ও বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতির সময় হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে শহরের আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
‘তৌহিদী জনতার’ ব্যানারে একদল যুবক দুই বাউলশিল্পীকে মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাউলশিল্পীরা ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে মানববন্ধন আহ্বান করলে বেলা দেড়টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি শামসুল চিশতি ও ঠাকুরগাঁও পৌরসভার হঠাৎপাড়ার মোকলেস পাগলা নামে দুজন বাউলশিল্পীকে লক্ষ্য করে ৪০–৫০ জনের একটি দলে হামলা চালানো হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম খান বলেন, বাউলশিল্পীদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বলেন, “প্রত্যেক মানুষের মতপ্রকাশের অধিকার রয়েছে, কিন্তু বাউলশিল্পীদের ওপর হামলা দুঃখজনক।”