জুলাই গণ-গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে বাংলাদেশ ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পৌঁছানো হয়।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইন উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ করার জন্য ভারত সরকারের দায়বদ্ধতা রয়েছে।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে, পলাতক আসামিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া হলে তা ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা ও বন্ধুসুলভ আচরণের বিরোধী হবে।
বাংলাদেশ এর আগে কয়েক দফায় ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই চিঠি পাঠানো হয়েছে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব।