বিনোদন অঙ্গনে আলোড়ন তৈরি করেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে পরোয়ানা জারি হওয়ার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
১৭ নভেম্বর সন্ধ্যায় আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মেহজাবীন চৌধুরী। তার আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে মেহজাবীন ও আলিসান তাকে নতুন ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রস্তাব দেন। এ সময়ে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পর কোনো ব্যবসা শুরু না হওয়ায় ফেরত চাইলে দীর্ঘদিন সময়ক্ষেপণ করা হয়।
এজাহারে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে তিনি অপমানিত হওয়ার পাশাপাশি জীবননাশের হুমকিও পান। পরে ২৪ মার্চ আদালতে মামলা করেন তিনি।
নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি হয়, যা ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।
ঘটনার পর শিল্পীদের নিরাপত্তা নিয়ে বক্তব্য দেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন—শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ হওয়া জরুরি। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে হবে।