ডেনমার্ক সরকার শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যূনতম বয়সসীমা ১৫ বছর নির্ধারণের পরিকল্পনা করেছে। দেশটির ডিজিটাল মন্ত্রণালয় জানায়, নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের জন্য এই বয়সসীমা কার্যকর করা হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাবা-মা চাইলে সন্তান ১৩ বছর বয়সে এই প্ল্যাটফর্মে নিবন্ধনের অনুমতি দিতে পারবেন। এই পদক্ষেপ শিশুদের খেলা, বিশ্রাম এবং ব্যক্তিগত বিকাশের জন্য আরও সময় নিশ্চিত করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল তৈরি করার আগে শিশুদের ঝুঁকি সম্পর্কেও সচেতন করা হবে।
শুধু যে বয়সসীমা নির্ধারণের বিষয়টি এখনো পরিকল্পনার স্তরে, তা উল্লেখ করেছে ডেনমার্ক। ঠিক কোন প্ল্যাটফর্মগুলো এই নিয়মের আওতায় আসবে এবং কখন এটি কার্যকর হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, বড় ও জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করে আইনটি প্রণয়ন করা হবে।
এমন নিয়ম ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ডেনমার্ক প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে। এ সংক্রান্ত বিষয় আগামী জুলাইয়ে ইইউ কাউন্সিলে আলোচনায় উঠবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ন্যূনতম বয়স ১৬ বছর নির্ধারণ করা হয়েছে।
ডেনমার্কের এই পরিকল্পনা শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।