নবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে ফেরত আনার জন্য নতুন করে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চিঠিটি নোট ভারবাল আকারে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এত দ্রুত উত্তর পাওয়ার আশা করছে না ঢাকা।
তৌহিদ হোসেন বলেন, “নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আসবে বলে আমরা মনে করি না। আগের চিঠিরও এখনো উত্তর পাইনি।”
তিনি আরও বলেন, “এটা এমন নয় যে একদিন বা এক সপ্তাহের মধ্যে উত্তর পাওয়া যাবে। তবে আমরা আশা করি, শেষ পর্যন্ত এর উত্তর পাব। যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাই তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছি।”
গত বছর জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।
এই রায়ের পরেই বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য গত শুক্রবার দিল্লিতে কূটনৈতিক পত্র পাঠায়। এর আগে গত বছরের ডিসেম্বরেও একই বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল ঢাকা।
দুই দফা চিঠি পাঠানোর পরও ভারতের নীরব অবস্থান নিয়ে কূটনৈতিক মহলেও আলোচনা চলছে। ঢাকা আশা করছে, আইনি প্রক্রিয়া এবং কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যাবে।