ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত খুলনায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তাঁরা হাসপাতালে গিয়ে আহত পুলিশ কর্মকর্তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পরে হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি জানান, বর্তমানে বিশেষ অভিযান চলছে। দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে খুলনায় পুলিশের একজন সদস্য ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই পুলিশ কর্মকর্তার দুই হাতের রগ কেটে গেছে।
আইজিপি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।