স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুলসংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ‘bookmyrailbd.com’ নামে একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে ব্লক করা, এর সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং ই-টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রেলওয়ে জানায়, সম্প্রতি ‘bookmyrailbd.com’ নামে একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট স্বয়ংক্রিয় বট ব্যবহার করে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুলসংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করছে। পরে এসব টিকিট অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের সাইবার অপরাধের কারণে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে এতে সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে।
যাত্রীদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে ই-টিকিটিং সিস্টেমের নিরাপত্তা আরও জোরদার এবং স্বয়ংক্রিয় বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অবৈধ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
অন্যদিকে, অভিযুক্ত ওয়েবসাইট, এর আইপি ঠিকানা এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ বাংলাদেশ থেকে ব্লক করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছে রেলওয়ে।
যাত্রীদের শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ওয়েবসাইট ‘eticket.railway.gov.bd’ এবং ‘Rail Sheba’ অ্যাপের মাধ্যমে টিকিট কেনার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কোনো অননুমোদিত মাধ্যম থেকে টিকিট না কেনার এবং টিকিট কালোবাজারির কোনো তথ্য জানা থাকলে তা রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।