ঐতিহাসিক ৫ আগস্টের শহীদ সাব্বির ইসলাম সাকিবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বুধবার (৫ আগস্ট) সকালে শহীদ সাব্বির ইসলাম সাকিবের কবর জিয়ারত করে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) মিঠুন কুমার মৈত্র, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব ঠান্ডু, বিএনপি নেতা শফিকুর রহমান বাবু, উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই শহীদ সাব্বির ইসলাম সাকিবের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।