স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্বাচন আয়োজনের সময়সূচি ও প্রস্তুতি নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার হওয়ার সময়সীমা গত ৩১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে নির্বাচন নিয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় এই সময়সীমা পরিবর্তন হতে পারে, আবার অপরিবর্তিতও থাকতে পারে।
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত সাধারণত ৪৫ দিন সময় লাগে। এর পাশাপাশি ভোটার তালিকা চূড়ান্ত করা ও মুদ্রণের জন্য আরও প্রায় দেড় মাস প্রয়োজন হয়। সব মিলিয়ে একটি নির্বাচন আয়োজনের জন্য প্রায় তিন মাস প্রস্তুতির সময় প্রয়োজন হয়। তবে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা না আসায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এখনো এ নির্বাচনের তফসিল নির্ধারণ করা হয়নি। এ জন্য সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন বিষয়ে তিনি জানান, এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে একটি বিস্তৃত কাঠামো (ব্রড ফ্রেম অব রেফারেন্স) নির্ধারণ করা হলেও এখনো কার্যপদ্ধতি (এসওপি) চূড়ান্ত হয়নি। যাতে কোনো ধরনের অসংগতি না থাকে, সে বিষয়টি নিশ্চিত করেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।