প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন মন্তব্য করেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘জুতা টানারও যোগ্যতা রাখেন কি না’— সেই প্রশ্নই আগে বিবেচনা করা উচিত।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, “একজন বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি মন্ত্রিত্ব পাওয়ারও যোগ্য নন। অথচ আবার বলা হচ্ছে, তিনি রাষ্ট্রপতি হবেন! আমি বলতে চাই, সেই নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানারও যোগ্যতা রাখেন?”
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের মাধ্যমে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হচ্ছে, তা থেকে সরে আসতে হবে। ভণ্ডামি ও নোংরামির রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত। এ ধরনের প্রচারণা বন্ধ করার আহ্বানও জানান তিনি।
সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা বাড়ছে। প্রধানমন্ত্রীর বিনয়, নম্রতা, আন্তরিকতা ও সহমর্মিতার রাজনৈতিক সংস্কৃতি জনগণের কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হয়েছে।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি-দাওয়া উপস্থাপনের সুযোগ পেয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, প্রধানমন্ত্রী প্রটোকলের সীমাবদ্ধতা পেরিয়ে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
এ ছাড়া সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সচিবালয়ে খাবারের খরচ উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগকে সরকারের জবাবদিহিতা ও সাশ্রয়ী নীতির প্রতিফলন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।