বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, গত ১৮ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল। এ কারণেই দেশ চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি বলে দাবি করেন তিনি।
শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব মন্তব্য করেন রাশেদ খান।
তিনি বলেন, যারা বিএনপিকে ভারতের দালাল বলে সমালোচনা করেন, তাদের বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে। তার দাবি, বিএনপি যদি ভারতের স্বার্থে কাজ করত, তাহলে সরকারপ্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাশেদ খান বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে কোনো ধরনের আধিপত্য বা ‘দাদাগিরি’ মেনে নেওয়া হবে না।
রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত ও এনসিপির নেতারা সরকার পতনের হুমকি দিলেও তারা দীর্ঘ ১৭ বছর নিজেদের দলীয় কার্যালয়ের তালা খুলতে পারেননি।
হাসনাত আবদুল্লাহর সমালোচনা করে রাশেদ খান বলেন, তিনি সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেও ইউনুস সরকারের সময়ে সরকারি বরাদ্দ নিজের এলাকায় নেওয়ার অভিযোগ রয়েছে। তার প্রশ্ন, সেটি দুর্নীতির মধ্যে পড়ে না কি?
সীমান্ত পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিজিবি এখন সীমান্তে সাহসের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং প্রয়োজন হলে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে।
রাশেদ খান আরও বলেন, বিএনপি কোনো দেশের দালালি করে না। ভারত বা পাকিস্তান—কোনো দেশের পক্ষেই দলটি কাজ করে না। একই সঙ্গে তিনি দাবি করেন, পাকিস্তান সফরে গিয়ে সংবর্ধনা গ্রহণের পর বিএনপিকে ভারতের দালাল বলা রাজনৈতিকভাবে অসঙ্গত।