বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের সংসদীয় বক্তব্যের পর আবারও আলোচনায় এসেছে পাঁচ বছর আগের ‘রয়েল রিসোর্টকাণ্ড’। এ ঘটনার বিষয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ ব্যাখ্যামূলক পোস্ট দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান, পুলিশি অভিযান এবং পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
মামুনুল হক দাবি করেন, সেদিন তিনি তার স্ত্রী জান্নাত আরাকে (ঝর্ণা) নিয়ে রিসোর্টে ছিলেন। তিনি অভিযোগ করেন, পুলিশের নেতৃত্বে সেখানে স্থানীয় রাজনৈতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে তাদের হেনস্তা করেন এবং কক্ষে প্রবেশ করে লাইভ সম্প্রচার চালানো হয়।
তিনি আরও দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি তার স্ত্রীকে ওয়াশরুমে রাখেন এবং পরবর্তীতে নারী পুলিশ সদস্য সেখানে প্রবেশ করেন। তার ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় তিনি ও জান্নাত আরা নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা স্পষ্ট করেন।
পোস্টে তিনি বলেন, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন সময়ে গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তার ভূমিকা নিয়েও চাপ সৃষ্টি করা হয়েছিল।
বিয়ের প্রসঙ্গে তিনি দাবি করেন, জান্নাত আরার সঙ্গে তার শরিয়তসম্মত বিয়ে হয়েছিল এবং এটি কোনো ‘মুতা বিয়ে’ ছিল না। তিনি জানান, পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পর্ক ও পরবর্তী সময়ে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
পোস্টে মামুনুল হক আরও বলেন, রিসোর্টে ভিন্ন পরিচয় ব্যবহারের বিষয়টি পরিস্থিতি সামাল দেওয়ার অংশ ছিল। তিনি অভিযোগ করেন, পুরো ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।
তিনি বলেন, ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাকে এবং তার পরিবারকে মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।
পোস্টের শেষাংশে তিনি ‘৫০১’ ঘটনাকে রাজনৈতিকভাবে প্রতীকী হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন এবং বিষয়টি নিয়ে ভবিষ্যতেও তার অবস্থান বজায় থাকবে বলে জানান।