চীনের ক্রমবর্ধমান সামরিক চাপ মোকাবিলায় অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছে তাইওয়ানের পার্লামেন্ট। তবে সরকার যে পরিমাণ অর্থ বরাদ্দ চেয়েছিল, অনুমোদিত বাজেট তার তুলনায় কম হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, তাইওয়ানের পার্লামেন্টে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিশেষ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করা হয়েছে। এই বাজেটের আওতায় উচ্চগতির রকেট ব্যবস্থা, স্বয়ংচালিত কামান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ট্যাংকবিধ্বংসী অস্ত্র সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
সরকারের প্রস্তাবিত বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আধুনিক অস্ত্র কেনার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামে বিনিয়োগের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।
তাইওয়ান সরকারের লক্ষ্য, চীনের সম্ভাব্য সামরিক হুমকির বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা।