মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র ওমানে কর্মরত জরুরি নয় এমন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। শুক্রবার এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক নতুন সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। বার্তায় বলা হয়েছে, ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা এখনো রয়েছে এবং এর ফলে বাণিজ্যিক বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, যা যাত্রীদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে শুক্রবার ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার প্রেক্ষাপটে উত্তর ওমানে ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
এর আগে ৯ মার্চ সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় তুরস্ক ও সৌদি আরব থেকে আরও কিছু মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় দক্ষিণ তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেটে কর্মরত জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে এলাকা ত্যাগ করতে বলা হয়। এর একদিন আগে সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের জন্যও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
গত এক সপ্তাহ ধরে চলমান সংঘাতের কারণে ইরানের পক্ষ থেকে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা দেখা দেওয়ায় এসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।