চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের কানঝুয়াং সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে শ্রমিক বহনের জন্য ব্যবহৃত একটি খাঁচা উলম্ব সুড়ঙ্গ থেকে ছিঁড়ে প্রায় ২৪০ মিটার নিচে পড়ে গেলে এই প্রাণহানি ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, খনিটিতে ডাবল সেফটি সিস্টেম থাকলেও দুটি তার একসঙ্গে ছিঁড়ে যাওয়ায় খাঁচাটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর খনি কর্তৃপক্ষ সময়মতো সরকারি দপ্তরে বিষয়টি জানায়নি বলে অভিযোগ উঠেছে, যা উদ্ধার কার্যক্রমে বিলম্ব ঘটাতে পারে।
ঘটনাটি সোমবার রাতে একটি গোপন সংবাদের মাধ্যমে প্রকাশ্যে আসে। ঝাওইউয়ান জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম ভেঙে দুর্ঘটনার তথ্য গোপন করায় খনি ব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীসহ মোট ১১ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এই খনির পরিচালনাকারী প্রতিষ্ঠান ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির শেয়ারে ঘটনার পর বড় ধরনের দরপতন দেখা গেছে। জানা গেছে, এর আগেও নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে একাধিকবার জরিমানা করা হয়েছিল। বর্তমানে জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও পাবলিক সিকিউরিটি ব্যুরো যৌথভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও তথ্য গোপনের অভিযোগ তদন্ত করছে।
এদিকে একই দিনে শানসি প্রদেশের একটি বায়োটেক কারখানায় পৃথক বিস্ফোরণে আরও আটজনের মৃত্যু হয়েছে, যা দেশটির শিল্প নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।