আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আসন থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার কর্মী-সমর্থকরা।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তার কর্মী-সমর্থকরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ বিষয়ে মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার জাতীয় পরিচয়পত্র আমাদের কাছে পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেওয়া হয়েছে। আমরা আশা করছি, তিনি মুরাদনগর থেকেই নির্বাচনে অংশ নেবেন।
তিনি আরও জানান, এ লক্ষ্যে দলের ভেতরে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হবে কি না, সে বিষয়টিও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মুরাদনগরের সাধারণ মানুষ এই আসন থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নির্বাচনে দেখতে আগ্রহী। এ কারণে উপজেলা এনসিপির পক্ষ থেকেও তাকে অনুরোধ জানানো হয়েছে।
তবে এ বিষয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান জানান, তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, ফরমটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই সংগ্রহ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসান বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তার কর্মী-সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এটি একটি উন্মুক্ত প্রক্রিয়া—যে কেউ মনোনয়ন ফরম নিতে পারেন। এখন পর্যন্ত মোট ৯০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। যেহেতু সাবেক উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন না, তাই বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি।
এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ঢাকা-১০ আসন থেকেও ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।