ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে পাকিস্তানের প্রতীকী পতাকার ওপর হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী। সোমবার বিকেলে জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং তার আগের দিন রোববার রাতে সার্জেন্ট জহুরুল হক হলে এই কর্মসূচি পালন করা হয়। প্রতীকী পতাকাটিতে লেখা ছিল—‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’। এর আগে ডাকসু ভবনের সামনের মাটিতেও একইভাবে পাকিস্তানের পতাকা লাগিয়ে শিক্ষার্থীদের হাঁটতে দেখা যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জিয়াউর রহমান হলের প্রবেশপথে লাগানো পতাকার ওপর হেঁটে প্রতিবাদ জানানো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কারিব চৌধুরী বলেন, মহান বিজয় দিবসের মাসে এই কর্মসূচি শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ। তিনি জানান, পাক-হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার-আলবদরদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে এই প্রতিবাদ জাতির ইতিহাসের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, এই প্রতিবাদের মাধ্যমে স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার বার্তা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।