রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। গত ৩৬ ঘণ্টার মধ্যে এটি দেশে তৃতীয় দফায় অনুভূত ভূমিকম্প।
উৎপত্তিস্থল সম্পর্কে দুই সংস্থা ভিন্ন তথ্য দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডায়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।
ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভেতরে এবং মাত্রা ৪.৩। উভয় সংস্থার দেওয়া মাত্রার তথ্য একই হলেও, উৎপত্তিস্থল নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে প্রথম দফায় ভূমিকপ অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। বাংলাদেশ ও ভারত দুই দেশেই এটি অনুভূত হয়। এই ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ৬ শতাধিক ব্যক্তি আহত হন।
প্রথম দফার ভূমিকপের একদিন পর শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আরও একটি ভূমিকপ অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা।