সারা দেশে আবারও তাপমাত্রা কমতে শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে, এবং এই প্রবণতা শনিবার পর্যন্ত থাকতে পারে। চলতি মাসের শেষ দিকে সারা দেশে শীতের অনুভূতি আরও বাড়বে বলেও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “আগামী দুই দিন তাপমাত্রা সামান্য কমবে। এরপর কয়েকদিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাসের শেষ দিকে আবার কমে গিয়ে শীতের অনুভূতি বাড়বে।”
এদিকে, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হওয়ার উপযোগী হলেও বাংলাদেশে এর বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।