চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)–সংক্রান্ত চুক্তির সকল কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়—চুক্তি সংশ্লিষ্ট সব কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে।
এদিন রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে গত ৩০ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে এনসিটি পরিচালনা–সংক্রান্ত চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট রুল জারি করে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল একটি বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্ন তুলে এ রিট আবেদন করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। আদালতের এই নির্দেশে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি বাস্তবায়ন কার্যক্রম স্থগিতই থাকবে।