ছাত্র-জনতার অভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি দীর্ঘদিন ধরে চলছিল। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে এই দাবি আরও জোরদার হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর নাগরিকদের এবং পুলিশ সদস্যদের অনুরোধে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
এই পরিকল্পনার অংশ হিসেবে আজ (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন পোশাক পরতে শুরু করেছেন। তবে জেলা পুলিশ এখনও নতুন পোশাক পায়নি; ধাপে ধাপে তারা ও নতুন পোশাক পাবেন।
নতুন পোশাকের মধ্যে মহানগর পুলিশের জন্য লোহার (আয়রন) রঙের ইউনিফর্ম চালু হয়েছে। এছাড়া বিশেষায়িত ইউনিট যেমন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌপুলিশও একই রঙের নতুন পোশাক পরবেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আজ (১৫ নভেম্বর) থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। ধাপে ধাপে দেশের সকল পুলিশ সদস্য এই নতুন পোশাক পাবেন। নতুন ইউনিফর্মের মাধ্যমে পুলিশি ইমেজ ও সেবার মান আরও উন্নত হবে।”
নাগরিকদের মতে, নতুন পোশাক পুলিশের পেশাদারিত্ব এবং স্বচ্ছতা বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কও আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।