রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে এক রাতে ছয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং অবস্থায় থাকা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এরপর রাত পৌনে ৩টার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলারে (লেগুনা) আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই রাতে টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় থেমে থাকা একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। বাসটিতে কেউ ছিলেন না। রাত সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে পার্ক করা ট্রাকে আগুন দেওয়া হয়।
সবশেষে ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে। কে বা কারা এসব অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।