রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে স্বর্ণালি চত্বরে বিস্ফোরকযুক্ত চারটি পটকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে ইসির কর্মচারীরা প্রথমে পটকাগুলো দেখতে পান। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সকালে ইসির কিছু চাকরিজীবী চারটি সন্দেহজনক বস্তু দেখতে পান। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং চারটি স্থানীয়ভাবে তৈরি পটকা পাই, যেগুলো স্কচটেপে মোড়ানো ছিল। ভেতরে বিস্ফোরক জাতীয় পদার্থ ছিল, হালকা বিস্ফোরণও ঘটেছে।”
তিনি আরও জানান, “আমরা সেগুলো উদ্ধার করেছি। এগুলো ককটেল নয়, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্ভবত রাতে ভবনের পাশে পটকাগুলো রাখা হয়েছিল, যখন সাধারণত ইসিতে কেউ থাকে না।”
ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সকাল ১০টার দিকে পটকাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ নিয়ে গেছে। এখন থেকে নির্বাচন ভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে।”
এর আগে ২৫ অক্টোবর নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন পুলিশের টহল দল ধাওয়া দিয়ে একজনকে আটক করেছিল।