বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নানা ভূমিকায় কাজ করা ফারাহ খান বর্তমানে এক সফল ইউটিউবার হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল নৃত্যপরিচালক হিসেবে, যেখানে তিনি হৃতিক রোশন, সালমান খান, আমির খান, শাহরুখ খানসহ প্রথম সারির প্রায় সব তারকাকে নাচিয়েছেন।
কোরিওগ্রাফার থেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর তিনি মোট চারটি সিনেমা পরিচালনা করেছেন। প্রথম দুটি সিনেমা বক্স অফিসে সফল হলেও পরের দুটি—‘তিস মার খান’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’—বড় আর্থিক ক্ষতি করেছে প্রযোজকদের জন্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ জানিয়েছেন, একসময় তিনি সফল সিনেমা তৈরি করতে পারছিলেন না এবং হাতে কোনো কাজও ছিল না। তখনই তিনি ইউটিউবে চ্যানেল খোলার চিন্তা করেন। বাড়ির রাঁধুনি দিলীপকে নিয়ে শুরু করা ‘ভ্লগিং’ দর্শকদের মন কাড়ে, যেখানে রান্না, মজার কথোপকথন এবং তারকাদের বাড়ির দৃশ্য দেখানো হয়।
ফারাহ জানিয়েছেন, ইউটিউব থেকে তিনি ৩০০ কোটির সিনেমার চেয়েও বেশি আয় করছেন, যদিও নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেননি। জানা গেছে, ব্র্যান্ড কোলাবরেশনের মাধ্যমে তার পারিশ্রমিক ৫০ লাখ থেকে ২ কোটি টাকার মধ্যে হয়।
তিনি তিন সন্তানের মা—দিব্যা, অন্যা ও সিজার, যাদের বয়স বর্তমানে ১৭ বছর। ফারাহ বলেন, তার ছেলে-মেয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, যা বড় খরচের বিষয়। এজন্যই তিনি ইউটিউবের কাজ শুরু করেছেন।
কাজের বিষয়ে তিনি বলেন,
“আপনার জীবন অন্য কারও চারপাশে আবর্তিত হতে পারে না। খুশি ও ভালো থাকা ভেতর থেকেই আসা উচিত। কাজ আমাকে খুশি দেয় এবং ভালো রাখে। ভালো লাগার মতো কাজ থাকলে আমি ৮০ বছর পর্যন্ত সেটি করতে পারব।” সূত্র: আনন্দবাজার ও আজকাল।