আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাথমিকভাবে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
তবে এই তালিকায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন। এবারে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে বিএনপি চারটিতে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন খালি রাখা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রাথমিক তালিকা ঘোষণা করেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে।
দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১, ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-২, ড. আব্দুল মঈন খান নরসিংদী-২, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, মির্জা আব্বাস ঢাকা-৮, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে লড়বেন।
এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (নেত্রকোণা-১) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।