দীর্ঘ সাত বছর ধরে বন্ধ থাকা ঢাকার মগবাজারের পেয়ারাবাগ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং এর নিচে চার লেনবিশিষ্ট রেলপথের উন্নয়নকাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনি বাধা দূর হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালতের দেওয়া আদেশের পর এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ এবং এর নিচে চার লেনবিশিষ্ট রেললাইনের উন্নয়নকাজ অব্যাহত থাকবে। ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা এই উন্নয়নকাজ পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধা আর থাকছে না।
মামলাটির শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। অপর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী নুরুল আমিন।