
দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমাটির কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যে অভিনয় করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়লেও সেসব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের নেটিজেনের দাবি, মা হওয়ার পর এমন চরিত্রে অভিনয় করা কিয়ারার জন্য উপযুক্ত হয়নি। তবে এসব সমালোচনায় বিচলিত না হয়ে তিনি জানিয়েছেন, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে ভিন্নভাবে তুলে ধরতে এবং চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার লক্ষ্যেই ‘টক্সিক’-এ অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, গল্পটি প্রথম শোনার পরই তিনি মুগ্ধ হয়ে যান। তার ভাষায়, ‘গল্পটা প্রথম যখন শুনি, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চরিত্রটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে আমি সব সময় এমন চরিত্রই খুঁজি। আমার মনে হয়েছে, ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে কঠিন চরিত্রে অভিনয়ের আত্মবিশ্বাস অর্জন করেছি।’
যদিও সিনেমায় কিয়ারার চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু জানাননি, তবে জানা গেছে তিনি যশের বিপরীতে ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করছেন। ট্রেলার ও প্রচারণায় তার সাহসী উপস্থিতি ইতোমধ্যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
নারী চরিত্রের প্রচলিত উপস্থাপনা নিয়েও নিজের মতামত তুলে ধরেছেন কিয়ারা। তিনি বলেন, ‘আমি চাই না নারীদের এক ধরনের চরিত্রে আটকে রাখা হোক। আমরা তার চেয়ে অনেক এগিয়ে। তাহলে পর্দার চরিত্রও কেন তেমন হবে না?’
তার মতে, চলচ্চিত্রে নারী চরিত্রগুলোকে আরও শক্তিশালী, স্বাধীন ও বহুমাত্রিকভাবে উপস্থাপন করা প্রয়োজন। ‘টক্সিক’-এ তার চরিত্রটি ঠিক সেই ধরনেরই একটি নির্মাণ।
উল্লেখ্য, ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অভিনেতা যশ ও নির্মাতা গীতু মোহনদাস। ছবিটি পরিচালনাও করছেন গীতু মোহনদাস। ইংরেজি ও কন্নড় ভাষায় একসঙ্গে শুটিং করা এই সিনেমা পরবর্তীতে বাংলা নয়, হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে।