
জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর জন্য ইউনিসেফের মাধ্যমে প্রয়োজনীয় টিকা সংগ্রহে প্রায় ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ইপিআই কর্মসূচির আওতায় প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হবে। সময়মতো টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করা হবে।
প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) একই সঙ্গে ক্রয়কারী সংস্থা ও সরবরাহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।
কর্মকর্তারা জানান, দেশের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা এবং শিশুদের সংক্রামক ও প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।