
রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় দিনদুপুরে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকাল ৩টার পর এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, লোকমান (৪৫) নামের ওই ব্যবসায়ী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
ঘটনায় লোকমানের হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মতিঝিল থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ছয়জন অজ্ঞাত ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে এসে ভিকটিমকে টার্গেট করে হামলা চালায়। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগেই দুর্বৃত্তদের কাছে পৌঁছে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী একাধিক টিম গঠন করে তদন্ত শুরু করেছে।