
কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ এবার রুপালি পর্দায় রূপ নিয়েছে। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত একই নামের সিনেমাটি সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।
এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। সিনেমাটি দেখে তিনি একদিকে যেমন মুগ্ধতা প্রকাশ করেছেন, অন্যদিকে জানিয়েছেন আফসোসও।
শনিবার (৬ জুন) নিজের ফেসবুক পোস্টে কোনাল লেখেন, ‘বনলতা সেন’ শিল্পপ্রেমীদের জন্য এক রঙিন ক্যানভাসের মতো। একই সঙ্গে তিনি পরিচালকের সৃজনশীলতাকে ‘জিনিয়াস’ বলে অভিহিত করেন। কবিতার ভেতর যিশুখ্রিস্ট ও রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে সমন্বয় করা হয়েছে, তা তাকে বিস্মিত করেছে বলেও জানান তিনি।
সিনেমার সংগীত নিয়েও প্রশংসা করেন কোনাল। তিনি বলেন, আবহসংগীত অত্যন্ত সূক্ষ্ম ও শক্তিশালীভাবে দৃশ্যের সঙ্গে মিশে গেছে। বিশেষ করে ‘এখানে কেউ নেই’ গানটি তার মনে গভীর বিষণ্ণতা সৃষ্টি করেছে। সংগীত পরিচালক বাপ্পা মজুমদারকে তিনি কুর্নিশ জানান।
পোস্টে কোনাল আরও লেখেন, এই সিনেমা দেখে তার আফসোস হয়েছে— কেন তিনি বাংলাদেশে বড় হননি, কেন আরও বেশি বাংলা সাহিত্য পড়েননি এবং জীবনানন্দ দাশকে আরও গভীরভাবে অনুধাবন করেননি।
সিনেমাটিতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, মাইমুনা মম, প্রিয়ন্তী উর্বী ও গাজী রাকায়েতসহ অনেকে।