
২০২৫ সালের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষার নম্বর বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাসে উপস্থিতির জন্য নির্ধারিত ৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৩ নম্বর না পেলে কোনো শিক্ষার্থীকে ফরম পূরণের জন্য অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইনকোর্স পরীক্ষায় মোট ২০ নম্বরের মধ্যে ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে পরীক্ষার জন্য, আর ৫ নম্বর রাখা হয়েছে ক্লাসে উপস্থিতির ভিত্তিতে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, একজন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে হলে অন্তত ৬০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি দুইটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর ৪০ শতাংশের কম হলে ফরম পূরণের সুযোগ পাওয়া যাবে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, একাডেমিক মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।