অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেছেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আর আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় পদত্যাগ বিষয়ে সংবাদ সম্মেলন করবে।
সূত্র জানায়, গতকাল (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সেখানে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আলোচনা হয়। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করবেন।
অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরও সময় চান। মাহফুজ আলম তখন জানিয়েছিলেন, সরকার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন এবং নির্বাচন করবেন না। পরে মাসের মাঝামাঝি আবারও তাদের পদত্যাগের বিষয়ে তাগাদা দেওয়া হয়েছিল।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান।