
আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে নামতে পারে মৌসুমি শীত। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরের শেষ নাগাদ সারা দেশেই জেঁকে বসতে পারে শীত।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা বাড়িয়ে দিতে পারে শীতের অনুভূতি।
পূর্বাভাসে আরও জানানো হয়, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। দেশের কোথাও কোথাও ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সব কিছু স্বাভাবিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটবে। মাসের শেষে সারা দেশেই শীত অনুভূত হবে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় শীত শুরু হবে। পরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে সারা দেশে। ঢাকায় ভালোভাবে শীত শুরু হবে ডিসেম্বরের প্রথমার্ধে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও বেশি শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।